ধামরাই (সাভার) সংবাদদাতা
ঢাকার ধামরাই পৌর শহরের ই-উত্তরপাড়ার বাসিন্দা এস এম রায়হানুরের দুই মাস বয়সী কন্যাশিশু জন্মগতভাবে হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত। এ রোগে মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। বর্তমানে শিশুটি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটির দ্রুত অস্ত্রোপচার এবং পরবর্তী দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। তবে চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য না থাকায় পরিবারটি আর্থিক সঙ্কটে পড়েছে।
শিশুটির বাবা এস এম রায়হানুর একজন সাধারণ আয়ের মানুষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার পক্ষে মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
রায়হানুর বলেন, চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরুর পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি তার সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সহযোগিতা করতে চাইলে এস এম রায়হানুরের বিকাশ নম্বর ০১৭৭৮-৬৫৯৯৯৩ অথবা নগদ নম্বর ০১৬৪৬৮৮২২৫১-এ যোগাযোগ করতে পারেন।



