আনাদোলু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রস্তাবিত বিতর্কিত ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ মার্কিন সিনেটের ভোটে বাতিল হয়ে গেছে। অভিবাসন তহবিল সংক্রান্ত একটি বড় প্যাকেজের সংশোধনী হিসেবে বিলটি আনা হয়েছিল। এর আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে দলীয় ভোটে কোনোমতে পাস হলেও গত বৃহস্পতিবার সিনেটের ভোটাভুটিতে এটি মুখ থুবড়ে পড়ে। এই আইনের সবচেয়ে বিতর্কিত অংশটি ছিল ভোটার নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট বা জন্মনিবন্ধনের মাধ্যমে মার্কিন নাগরিকত্বের প্রামাণ্য দলিল প্রদর্শনের বাধ্যবাধকতা। বিলটি পাস হলে অনেক অঙ্গরাজ্যে ইতোমধ্যে শুরু হওয়া কংগ্রেসনাল প্রাইমারি নির্বাচনসহ সব ক্ষেত্রে এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হতো।
গবেষণায় দেখা গেছে, লাখ লাখ মার্কিন নাগরিকের কাছে এসব নথিপত্র সহজে পাওয়ার সুযোগ নেই। বিশেষজ্ঞরা জানান, এমন বিধান একেবারেই অপ্রয়োজনীয়। কারণ, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মার্কিন নির্বাচনে অবৈধ অভিবাসীদের ভোট দেয়ার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি।



