হেগসেথের সাথে দ্বন্দ্বে মার্কিন আর্মি প্রধানের পদত্যাগ

Printed Edition

আলজাজিরা

পেন্টাগনের অভ্যন্তরীণ টানাপড়েন ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথে নীতিগত বিরোধের জেরে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বেসামরিক প্রধান (আর্মি সেক্রেটারি) ড্যানিয়েল ড্রিসকল। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই পদত্যাগের খবর নিশ্চিত করেছে। সোমবার হোয়াইট হাউজের কাছে বিষটি জানতে চাওয়া হলে তারা অস্বীকার করেনি, বরং মুখপাত্র আনা কেলি ড্রিসকলের মেধা ও ইউক্রেন-রাশিয়া আলোচনাসহ সামরিক সক্ষমতা বৃদ্ধির অবদানকে ‘ঐতিহাসিক’ বলে প্রশংসা করেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন তার এই ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কি না, তা এখনো স্পষ্ট করেনি রয়টার্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাবেক এই সহপাঠী দায়িত্ব নেয়ার পর থেকেই দ্রুত ও সাশ্রয়ী মূল্যে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং অস্ত্র প্রস্তুতকারী বড় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় ছিলেন। তবে গত এপ্রিল থেকে পেন্টাগনপ্রধান হেগসেথ একের পর এক শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালকে বরখাস্ত করতে থাকলে ড্রিসকলের সাথে তার দূরত্ব চূড়ান্ত রূপ নেয়। সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জকে হঠাৎ বরখাস্ত এবং জুন মাসে ইউরোপ-আফ্রিকা কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ডোনাহুর পদত্যাগে চরম ক্ষুব্ধ হন ড্রিসকল। তার মতে, এসব গণছাঁটাইয়ের ফলে সেনাবাহিনীর প্রস্তুতি ও প্রয়োজনীয় রূপান্তর মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছিল। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক অঙ্গনে ড্রিসকলের প্রভাব হেগসেথের জন্য এক ধরনের চাপ সৃষ্টি করেছিল।