নয়া দিগন্ত ডেস্ক
ম্যানহোলের ঢাকনা ভেঙে বিপদে পড়েছেন কোনো মানুষ, এ কথা অনেক সময়ই শোনা যায়। এর ফলে অনেক সময় প্রাণসংশয়ও ঘটে যায়। তবে শুধুই মানুষ নয়, এ বার রেহাই পেল না একটি অবোলা প্রাণীও। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেছে, নর্দমার ভেতরে পড়ে গেছে একটি অসহায় ঘোড়া।
ভিডিওটিতে দেখা গেছে, একটি নর্দমার মধ্যে আটকে পড়ে রয়েছে একটি ঘোড়া। তার গলায় একটি গোলাপি রঙের দড়ি বাঁধা রয়েছে। সম্ভবত সেটির সাহায্যে তাকে উপরে তুলে আনার চেষ্টা চালানো হচ্ছে। দুর্দশাগ্রস্ত প্রাণীটি অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে সেই নোংরা জায়গাটিতে।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা গেছে, ভারতের গুজরাটের অটলাদরা অঞ্চলের খিসকোলী সার্কেলের কাছে দুর্ঘটনাটি ঘটে। নর্দমার ঢাকনা হঠাৎ ধসে পড়ে এই বিপদ হয়ে যায়। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। সংবাদমাধ্যম সূত্রে খবর, উদ্ধারকারীরা নর্দমার একটি অংশ ভেঙে ঘোড়াটিকে বার করে আনার একটি সহজ পথ তৈরি করেন। শেষমেশ নিরীহ প্রাণীটিকে উদ্ধার করা গিয়েছে বলে জানা গেছে।
ইনস্টাগ্রামের ‘আওয়ারবডোদরা’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ঘোড়াটিকে উদ্ধার করার জন্য দমকলকর্মীদের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সবাই।



