সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারুফ আলম নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
মারুফ স্থানীয় চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির সন্তান।
পরিবার জানায়, গত ৩১ জুলাই জুমার নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে পাশের চন্দ্রপুর স্কুলে একটি খেলা দেখতে যায় মারুফ। খেলা শেষে সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খেঁাঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। চার ভাইবোনের মধ্যে মারুফ তৃতীয়।
এ ঘটনায় ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৩) করা হয়েছে।
পরিবারের দেয়া তথ্যমতে, মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের দিন তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট। তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার বাবা (০১৭৮০-৭৯৫০৭১) কিংবা ভাইয়ের (০১৪০৮-০৭৩৫১৬) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
শান্তিগঞ্জ থানার ওসি ওলিউল্লাহ বলেন, নিখোঁজের বিষয়ে পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ মারুফকে উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।



