গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে কুশিয়ারা নদীর আকস্মিক ভাঙনে একই দিনে পাঁচটি পরিবারের বসতঘর নদীতে বিলীন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ফতেহপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাঙনের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুমকির মুখে রয়েছে আশপাশের আরো কয়েকটি বাড়ি ও ফসলি জমি।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতীরবর্তী শ্রমিক আবুল মিয়া, কেয়ারটেকার আবুল মিয়া ও ব্যাংকের ক্লিনার হারুন মিয়ার বসতঘরে প্রথমে ফাটল দেখা দেয়। মুহূর্তের মধ্যে শোঁ শোঁ শব্দ করে ঘরগুলো নদীতে তলিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পাশের কাহের মিয়া ও সুফিয়া বেগমের ঘরও নদীতে বিলীন হয়। ঘটনার পর মসজিদে মাইকিং করা হলে স্থানীয় লোকজন ছুটে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও গবাদিপশু উদ্ধার করেন। তবে বসতঘর, টিউবওয়েল ও গরুঘর রক্ষা করা সম্ভব হয়নি। আশ্রয়কেন্দ্র দূরে হওয়ায় ক্ষতিগ্রস্তরা বর্তমানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। পরদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ হিরন মিয়াসহ সংশ্লিষ্টরা এলাকা ঘুরে দেখেন।



