রয়টার্স
নতুন এক জনমত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে ছয়জন মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়স বৃদ্ধির সাথে সাথে আরো বেশি অসংলগ্ন আচরণ করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রিপাবলিকান সমর্থকও রয়েছেন। রয়টার্স/ইপসোস পরিচালিত এ জরিপ ছয় দিন ধরে চলার পর সোমবার শেষ হয়। এর ঠিক এক দিন পরই ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট কংগ্রেসে তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন।
বিশ্লেষকদের মতে, জরিপের ফলাফল ট্রাম্পের নেতৃত্ব নিয়ে জনমনে নতুন প্রশ্ন তৈরি করেছে। এক মাস ধরে আইনপ্রণেতা এবং বিচারকদের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র ভর্ৎসনা ও ক্ষোভ প্রকাশের প্রেক্ষাপটে এ ভাষণকে ঘিরে বাড়তি নজর রয়েছে অনেকের। জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে ৬১ শতাংশ বলেছেন, ট্রাম্প বয়স বৃদ্ধির সাথে সাথে অসংলগ্ন হয়ে উঠছেন বলে তারা মনে করেন। দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮৯ শতাংশ ডেমোক্র্যাট, ৩০ শতাংশ রিপাবলিকান ও ৬৪ শতাংশ স্বতন্ত্র ভোটার ট্রাম্পের সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইংলে এ জরিপের ফলাফলকে ‘মিথ্যা ও বেপরোয়া বয়ানের’ দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। তার দাবি, ট্রাম্পের ‘তীক্ষèতা, তুলনাহীন শক্তি ও নজিরবিহীনভাবে তার সাথে যোগাযোগের সুযোগ তাকে তার পূর্বসূরি ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের থেকে আলাদা করেছে।’


