ঢাকা জেলা প্রতিনিধি
র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যে পাঁচ ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানার একটি মামলা তদন্তের অংশ হিসেবে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে এবং ডিবি (দক্ষিণ) ওসি সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি জানতে পারে, মামলার আসামিরা একটি টয়োটা মাইক্রোবাসে করে সাভারের আকরাইন বাজার এলাকা থেকে খাগান বাজারের দিকে যাচ্ছে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় আকরাইন বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে উদ্ধার করা হয় তিনটি ভুয়া র্যাব পরিচয়পত্র, পাঁচটি র্যাব লেখা কালো জ্যাকেট (কটি) পাঁচটি র্যাব ক্যাপ, একটি টয়োটা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৮৬৮০), ছয়টি ভিন্ন নম্বরপ্লেট, একটি ওয়াকিটকি সেট, একটি পিস্তলের কভার, একটি খেলনা পিস্তল, তিনটি স্টিলের হ্যান্ডকাফ।
গ্রেফতারকৃতরা হলেন- ১. মো: আশরাফুল ইসলাম ওরফে আপেল (৩৮), ২. মো: সুমন (৩৬), ৩. মো: সারোয়ার হোসেন সাগর (৩৫), ৪. মো: সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫), ৫. মো: কাঞ্চন (৩৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব ও ডিবি পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অনুরূপ অপরাধের একাধিক মামলা তদন্ত ও বিচারাধীন রয়েছে।
আশুলিয়া থানার মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



