বিমানবন্দরে অগ্নিনিরাপত্তা জোরদারে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন

Printed Edition

দেশের বিমানবন্দরগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় দক্ষতা বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ১৫ জন অগ্নিনির্বাপণকর্মীর ৬০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার ঢাকার সিভিল এভিয়েশন একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে সফল প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। গত ১০ জুন শুরু হওয়া প্রশিক্ষণ কোর্সটি ১ সেপ্টেম্বর শেষ হয়। এভিয়েশন ফায়ার ফাইটিংবিষয়ক এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন বিমানবন্দরে অগ্নিনিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় দক্ষ জনবল তৈরি করা। কোর্সে বেবিচকের ফায়ার বিভাগে কর্মরত ১৫ জন অগ্নিনির্বাপণকর্মী প্রশিক্ষণকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ গাড়ি পরিচালনাসহ ফায়ার ফাইটিংয়ের বিভিন্ন বিষয়ে নিবিড় ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ করেন। ওই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ওঈঅঙ) মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এবং বিশেষ অতিথি ছিলেন বেবিচকের পরিচালক (ফায়ার) মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপপরিচালক (এটিএম) মো: মজিবুর রহমান মিয়াজী এবং উপপরিচালক (ডিজাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এজিএ) মো: আবদুল লতিফ। বিজ্ঞপ্তি।