ক্লাসে রোবট শিক্ষার্থী

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গলায় স্কুলের নির্দিষ্ট টাই পরা একঝাঁক শিক্ষার্থী। শ্রেণী কক্ষের এক কোণে কেউ গভীর মনোযোগ দিয়ে পিয়ানোতে সুর তুলছে। পাশের ঘরে আরেক দল মেতেছে টেবিল টেনিসে। আবার একটু দূরে খেলার মাঠে নিখুঁত ড্রিবলিংয়ে বাস্কেটবল ঝুড়িতে পাঠাতে ব্যস্ত কয়েকজন।

প্রথম দেখায় কোনো নামী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাত্যহিক দৃশ্য মনে হতেই পারে। তবে চমকপ্রদ তথ্য হলো, এ শিক্ষার্থীদের কেউ রক্ত-মাংসের মানুষ নয়; সবাই মানুষের মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।

হলিউডের কোনো সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞানের সিনেমার দৃশ্যকে বাস্তবে রূপ দিয়ে এমন এক আজব স্কুল চালু হয়েছে চীনে। মানুষের মতো দেখতে এসব রোবটকে বাস্তব পৃথিবীর উপযোগী ও দক্ষ করে গড়ে তুলতে দেশটির প্রথম বিশেষায়িত রোবট স্কুলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের সর্বাধুনিক প্রযুক্তির শহর হাংঝৌতে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী এ শিক্ষাপ্রতিষ্ঠান। নাম হাংঝৌ রোবট স্কুল।

মানুষের মতোই রোবটদের বুদ্ধিমত্তা, আচরণ ও সার্বিক কর্মদক্ষতা ধাপে ধাপে বৃদ্ধি করতে স্কুলটিতে মোট চারটি বিশেষায়িত কোর্স চালু করা হয়েছে। এগুলো হলো কারিগরি, নার্সিং, শিল্পকলা ও খেলাধুলা। প্রতিটি কোর্সের লক্ষ্য হলো, রোবটদের যান্ত্রিক সীমাবদ্ধতা দূর করে মানুষের মতো সূক্ষ্ম কাজের উপযোগী করে তোলা।

সম্প্রতি স্কুলটির ভেতরের কার্যক্রমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, টাই পরা রোবট শিক্ষার্থীরা ক্লাসরুমে ও খেলার মাঠে মানুষের মতো চমৎকারভাবে সুনির্দিষ্ট কাজগুলো সম্পাদন করছে। বিশেষ করে পিয়ানোর রিডে তাদের আঙুলের ছোঁয়া কিংবা টেবিল টেনিসের বলের গতিপ্রকৃতি বুঝে শট নেয়ার দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে প্রযুক্তিপ্রেমীদের।