ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক

সোনারগাঁওয়ে মাদকবিরোধী র‌্যালি করায় যুবককে কোপানোর অভিযোগ

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী র‌্যালি করায় ইমাম হাসান নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে। গত বুধবার রাতে মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়াও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবকের বড় ভাই নাজিমউদ্দিন বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার কাবিলগঞ্জ এলাকায় গত বুধবার বিকেলে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে ইমাম হাসানের নেতৃত্বে একটি মাদকবিরোধী র‌্যালি বের করে। র‌্যালিতে ওই এলাকার যুবসমাজসহ গণ্যমান্যরা অংশ নেন। র‌্যালি বন্ধ করার জন্য কাবিলগঞ্জ এলাকায় আলী আহাম্মদের ছেলে মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া ইমাম হাসানকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। হুমকি উপেক্ষা করে ইমাম হাসান বুধবার বিকেলে ওই এলাকার লোকজন মিলে মাদক বিরোধী র‌্যালি বের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী মিন্টুর নেতৃত্বে তিশা মিয়া, জাহাঙ্গীর হোসেন, সজিব মিয়া, নেয়াব হোসেনসহ সাত-আটজনের একটি দল রাত দেড়টার দিকে ফুটবল বিশ্বকাপের খেলা চলাকালে একই এলাকার রফিকুল ইসলামের ছাদে দেখতে পেয়ে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এক পর‌্যায়ে ছাদে থাকা লোকজন ভয়ে প্রাণ বাঁচাতে ছুটাছুটি করে পালিয়ে যায়। পরে ইমাম হাসানকে একা পেয়ে লোহার রড, হকিস্টিক, রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এক পর‌্যায়ে হামলাকারীরা তাকে ছাদ থেকে ফেলে দেয়। এ সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সোনারগাঁও থানার ওসি মো: গোলাম সারোয়ার বলেন, যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে নিয়মিত মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।