টাঙ্গাইলে ৪ জনসহ বিভিন্ন স্থানে নিহত ৬

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া ও গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো দু’জন।

সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখিপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাকের পেছনে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া বাজারসংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশ বোঝাই করার কাজ চলছিল। এ সময় বড়চওনা দিক থেকে আসা দ্রুতগতির মুরগিবোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁ জেলার পতœীতলা উপজেলার মো: পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো: এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো : সেলিমের ছেলে সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো: জহিরুল ইসলাম (৪০)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসস জানায়, কুষ্টিয়ার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় তার সহকারী জিহাদসহ আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার ভোর ৪টার দিকে মহাসড়কের ৯ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম আনতে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্রাকচালক সজীব ও তার সহকারী জিহাদ। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সাথে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব মারা যান।

এ সময় তার সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও হেলপার আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপর ট্রাকের চালক ও হেলপারের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ট্রাক দু’টি দুমড়ে-মুচড়ে যায়। এতে কিছু সময়ের জন্য কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়া হলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত সজীবের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আবদুস সামাদ হাওলাদারের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার দাসেরহাট সেবা গ্রিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে সেবা গ্রিন ফিলিং স্টেশনের সামনে পিকআপ সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।