ইবিতে শহীদ আনাসের চিঠির স্মৃতিফলক উন্মোচন

Printed Edition

ইবি সংবাদদাতা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চব্বিশের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদ শাহরিয়ার খান আনাসের মাকে লেখা শেষ চিঠির স্মৃতিফলক স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলে ফলকটি উন্মোচন করেন ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় প্রোভিসি অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী, শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ, নানা সাইদুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদের বাবা শাহরিয়ার খান পলাশ বলেন, আজকে আনাসকে ছাড়া ৭২৯ দিন। সন্তান হারানোর যে যন্ত্রণা, এটা একটা বাবা-মা-ই শুধু জানে। দুই বছর পেরিয়ে গেলেও জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার দৃশ্যমানভাবে এগোয়নি। দ্রুত বিচার নিশ্চিত করে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে সন্তানের মৃত্যুতে এমন শোক বয়ে বেড়াতে না হয়। এ সময় তিনি ওসমান হাদি হত্যা মামলারও দ্রুত বিচার এবং এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ভিসি ড. মতিনুর রহমান বলেন, এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এর মাধ্যমে এই হলের শিক্ষার্থীরা আনাসের চিঠি পড়ে জানতে পারবে, তিনি কীভাবে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন। দশম শ্রেণীতে পড়া একজন শিক্ষার্থীর মধ্যে যে দেশপ্রেমের পরিচয় আমরা এই চিঠিতে দেখেছি, তা আমাদের অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দিন দায়িত্বে থাকবে, তত দিন ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে এ ধরনের কর্মসূচি গুরুত্বের সাথে পরিচালনা করা হবে।