নওগাঁয় মা নিহত ছেলে আহত

অন্যান্য স্থানে নিহত আরো ২ জন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা মা নিহত ও ছেলে আহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ ও মাদারীপুরে নিহত হয়েছেন আরো দু’জন।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছী থেকে ছেলের মোটরসাইকেলে আসার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধা নিহত এবং ছেলে সারমাদুল ইসলাম (৩০) আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছোট যমুনা নদীর ব্রিজের পশ্চিম পাশে পোস্ট অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম এলাকার মৃত নাজিম উদ্দীন সরদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামসুন্নাহার বদলগাছীতে বেড়াতে এসেছিলেন। ছেলের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফিডার সড়ক থেকে মেইন সড়কে ওঠার সময় আক্কেলপুর থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মা ও ছেলে দু’জনই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার বৃদ্ধা শামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার ভরাডোবা হোম গার্ডেনের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালার এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে মুদি ব্যবসায়ী বিল্লাল হোসেন ভালুকা উপজেলার মেদুয়ারী এলাকায় তার এক বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার ভরাডোবা হোম গার্ডেনের এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এত তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান (৫৪) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্বী এলাকার মৃত আবদুল সাত্তার খানের ছেলে।

জানা যায়, ভোরে রাজধানী ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী একটি ট্রাক বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারের কর্ণপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সংবাদপত্র বহনকারী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরো চারজন।