ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহস্বনির্ভর বিষয়ক সম্পাদক মো: খলিল খান (৪০) ব্রেন স্ট্রোক করে গত বুধবার রাতে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
গত বৃহস্পতিবার বাদ আসর দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে আনসারনগর দারুল কুরআন মাদরাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট আল ফাতাহ খান, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মাহিবুর রহমান নাসিম, হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়াতুল হাসান সম্রাট, জামায়াত নেতা মোফাজ্জল আনসারী, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল ফারুক মাস্টার, দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, যুবদল নেতা ইয়াহিয়া খান ও নিহতের বড় ভাই মো: জলিল খান প্রমুখ। জানাজায় ইমামতি করেন নিহতের ভাই ইসমাঈল খান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু শোক প্রকাশ করেছেন। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।



