রয়টার্স
হান্টাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়া একটি প্রমোদতরী থেকে নিজ দেশের নাগরিকদের তীরে নামানো শুরু করেছে স্পেন। রোববার আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের কাছে স্পেনের কানারি দ্বীপপুঞ্জের তেনেরিফে নোঙর করা জাহাজ থেকে তাদের নামানো হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের যাত্রীদের নামানোর কথা রয়েছে।
স্পেনের নাগরিকদের প্রথমে ছোট নৌকায় পাঁচজন করে তীরে আনা হয়। পরে তাদের বাসে করে স্থানীয় বিমানবন্দরে নেয়া হয়। সরকারি কর্মকর্তারা জানান, যেসব যাত্রীর মধ্যে ভাইরাসের উপসর্গ নেই, তাদের সামরিক উড়োজাহাজে করে মাদ্রিদে নিয়ে গিয়ে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হবে। এমভি হোন্ডিয়াস নামের প্রমোদতরীটি গত বুধবার কেপভার্দের উপকূল থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে। ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে যাত্রীদের সরিয়ে নেয়ার দায়িত্ব নেয় স্পেন। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ জানিয়েছে, তারা নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে উড়োজাহাজ পাঠিয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত সব উড়োজাহাজ পৌঁছায়নি।
ডব্লিউএইচও জানিয়েছে, অসুস্থ হয়ে পড়া আটজনকে জাহাজ থেকে সরানো হয়েছে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে নেদারল্যান্ডসের এক দম্পতি ও জার্মানির একজন নাগরিক রয়েছেন। আক্রান্ত আটজনের মধ্যে ছয়জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। বাকি দু’জনকে সন্দেহভাজন হিসেবে সরানো হয়েছে। ইউরোপের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমভি হোন্ডিয়াসের সব যাত্রীকে উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শে থাকা ব্যক্তি হিসেবে ধরা হচ্ছে। তবে ভাইরাসটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। ডব্লিউএইচও যাত্রীদের জন্য ৪২ দিনের কোয়ারেন্টিনে থাকার সুপারিশ করেছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছর আর্জেন্টিনা ও চিলি থেকে ৫০০টির বেশি প্রমোদতরী ইউরোপে আসে। এসব জাহাজে অনেক সময় ভাইরাস থাকে।



