বাংলাদেশের প্রতিপক্ষ আজ উজবেকিস্তান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নানা নাটক এবং দুই কোচ জেরার্ড জোন্স ও আতিকুর রহমান মিশুর মধ্যে বিবাদ। শেষ পর্যন্ত এ দুইজনকে নিয়েই উজবেকিস্তান গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠতে হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। গ্রুপ রানার্সআপ হলেও চলবে। তবে এ জন্য সেরা তালিকায় থাকতে হবে। এ মিশনে আজ বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ উজবেকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ দলের ম্যানেজার সামিদ কাশেম জানিয়েছিলেন, তারা উজবেকিস্তানকে হারিয়েই শুরু করতে চায়। তাহলে গ্রুপ সেরা হওয়ার মিশনে ভালো অবস্থানে থাকবে। গতকাল উজবেকিস্তানের তাশখন্দে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ জেরার্ড জোন্সও জানান তিনি দলকে কোয়ালিফাই করাতে চান।

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশ সর্বশেষ ২০১৭ সালে খেলেছিল উজবেকিস্তারে বিপক্ষে। সেবার অ্যান্ড্রু অর্ডের অধীনে মাহাবুবুর রহমান সুফিল-জাফর ইকবালরা ৯৪ মিনিটের শেষ ৩০ সেকেন্ডে আতিকুজ্জামানের আত্মঘাতী গোলে ০-১-এ হেরেছিল।

বাংলাদেশ দল ২০০১ সালের পর আর এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলেনি। সেবার জর্জ কোটানের অধীনে বাংলাদেশ গ্রুপ পর্বে শেষ ম্যাচে পাকিস্তানের সাথে ২-২ গোলে ড্র করে এরপর চূড়ান্ত পর্বে উঠেছিল। যদিও মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে বাংলাদেশ জিততে পারেনি কোনো ম্যাচ।

এবার গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান ছাড়াও সিরিয়া ও ভারত। সিরিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেই ভালো নয়। ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি। দেখা যাক দলের বিপদকে পেছনে ফেলে লাল-সবুজ যুবারা পারেন কি না ভালো করতে।