প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’ রাজশাহীতে গ্রেফতার ১

Printed Edition

রাজশাহী ব্যুরো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮)। তিনি নগরীর মালোপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল শুক্রবার ভোরে রাজশাহী নগরীর রাণীবাজার এলাকার ভাড়া বাসা থেকে পলাশ চৌধুরীকে গ্রেফতার করে। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, এ মামলার বাদির নাম নুর মোহম্মদ (৩০)। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি গত ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনায় তিনি ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, এসব পোস্ট পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণœ হয়। পাশাপাশি তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার এবং ব্ল্যাকমেইলের মুখে পড়েন।

ওই মামলার পর চারজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেফতার করা হলো।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।