সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার যখন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সঙ্কটে দিন পার করছে, ঠিক সেই সময়ে প্রতিষ্ঠানটি দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদন এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধান ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া নাপিত পুকুরিয়া (৯ নম্বর ওয়ার্ড) এবং কোদালা বাজার (৬ নম্বর ওয়ার্ড) এলাকার বন্যাদুর্গত মানুষের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।



