মিশিগানে গুলিতে ৫ জনের প্রাণহানি

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ তল্লাশি অভিযানের পর পুলিশ সন্দেহভাজন হামলাকারীর লাশ উদ্ধার করেছে বলে মিশিগান অঙ্গরাজ্য পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যমের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে গুলির খবর পেয়ে মিশিগানের মিসাউকি কাউন্টির একটি বাড়িতে উপস্থিত হয় পুলিশ সদস্যরা। সেখানে তিনজনকে মৃত এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তকারীদের মতে, ৩৯ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী চ্যাড হিকম্যান পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যান। তাকে ধরতে দ্রুত চিরুনি অভিযান শুরু হয়। অনুসন্ধান চালানোর সময় দ্বিতীয় আরেকটি বাড়ি থেকে আরো একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীকালে হুইটলক লেকের কাছের এক বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ি শনাক্ত করা হয়। সেখান থেকেই সন্দেহভাজন হামলাকারী হিকম্যানসহ আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটিকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যাশলি মিলার। তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা বয়স সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।