টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী

Printed Edition

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশরী-তেলরঢ়াড়া-টানমুশরী সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধসহ স্থানীয় অধিবাসীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কের জলাশয় অংশে অবিলম্বে গাইডওয়াল নির্মাণ ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, ২০২২ সালে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরে মাটি সরে গেছে। পূর্ব পাশের গভীর জলাশয়ের পাড় সংলগ্ন পাকা অংশ ধসে পড়ায় রিকশা, ভ্যান, অটো ও প্রাইভেটকার চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, টানমুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই সড়কটি।

অভিযোগ রয়েছে, তদারকির অভাব, নি¤œ মানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং গাইডওয়াল না থাকায় অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি ভেঙে এখন সরু আইলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিপজ্জনক পথ দিয়েই কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করছে। তেলিপাড়া এলাকার অধিবাসীরা জানান, সড়কটি অচল হওয়ায় এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। বারবার লিখিত আবেদন জানিয়েও কোনো সুফল মিলেনি।

এ বিষয়ে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। অন্য দিকে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবগতির ব্যবস্থা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম জানান, সরেজমিনে স্থানটি পরিদর্শন করে এলাকাবাসীর স্বার্থে দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।