নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

একই সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল রোববার (২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তাবিত ‘মানিকগঞ্জ জেলা-ভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের ডিপিপি যাচাই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মানিকগঞ্জে জেলা-ভিত্তিক পর্যটন সার্কিট গঠনে নদীকেন্দ্রিক পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি পর্যটকদের তথ্য ও সেবা প্রদানের জন্য পর্যটন তথ্য ও সেবা কেন্দ্র, হস্তশিল্প কেন্দ্র এবং লাইফগার্ড সেবা কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

সভায় বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটন স্থাপনা সংরক্ষণ, পুনর্বাসন এবং পর্যটন উপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দেন মন্ত্রী।

আফরোজা খানম বলেন, প্রতিটি পর্যটনকেন্দ্রের জন্য সুনির্দিষ্ট থিম নির্ধারণ করে প্রকল্প প্রণয়ন করতে হবে। পাশাপাশি নতুন পর্যটন গন্তব্যগুলোর সঙ্গে স্থানীয় জনগণের জীবন-জীবিকার সরাসরি সম্পৃক্ততা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই সরকারি ও বেসরকারি সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ খাতকে এগিয়ে নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু-সংলগ্ন অতিথিশালাগুলো সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে।

দেশের পর্যটন সম্ভাবনা দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রচারমূলক ওয়েবসাইট ‘বিউটিফুল বাংলাদেশ’-এর মাধ্যমে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং পর্যটন সম্ভাবনা আরও কার্যকরভাবে তুলে ধরা হবে।

সভা শুরুর আগে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদের কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান পর্যটনমন্ত্রী।