লেবাননে ইসরাইলের বিমান হামলা : নিহত ৬

Printed Edition

আলজাজিরা

দক্ষিণ লেবাননের তাইর জেলার তাইর দেব্বা শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র অনুযায়ী, বুধবার ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায়। পাশাপাশি কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে এলাকা ত্যাগের নির্দেশনা বা জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকিও দেয়া হয়েছে।

লেবাননের কর্মকর্তারা জানান, চলমান হামলার কারণে দক্ষিণাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন, ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলার ফলে লেবাননে ১০ লাখেরও বেশি বেসামরিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এতে দেশটিতে মানবিক সঙ্কট আরো গভীর হয়েছে।