ক্রীড়া ডেস্ক
লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ম্যাচের নিয়ন্ত্রণ শক্তভাবে নিজেদের হাতে নিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনের সকালে ইংল্যান্ডকে ২৯১ রানে অলআউট করে সফরকারীরা ১০০ রানের গুরুত্বপূর্ণ প্রথম ইনিংস লিড অর্জন করে।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হেনরি। তিনি ৮০ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এটি ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম পাঁচ উইকেট শিকার। তার নিয়ন্ত্রিত লাইন-লেংথে বারবার চাপে পড়ে স্বাগতিকরা।
ইংল্যান্ডের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ব্যাটসম্যান ম্যাথিউ ফিশার। নবম নম্বরে নেমে তিনি ক্যারিয়ারের প্রথম টেস্ট অর্ধশতক পূর্ণ করেন এবং শেষ উইকেটে সনি বেকারের সাথে ৫৩ রানের জুটি গড়ে দলের ব্যবধান কমান। ফিশার করেন অপরাজিত ৫০ রান।
এর আগে দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। ২৩৫/৬ থেকে দ্রুত ২৩৮/৯ হয়ে যায় স্বাগতিকদের স্কোর। জর্ডান কক্স ও জোফরা আর্চারের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড ম্যাচে নিয়ন্ত্রণ নেয়।
তবে ফিশার ও বেকারের ছোট প্রতিরোধে বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ কিছুটা কমে যায় কিউইদের জন্য। ফিশার কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলে চাপ কমান এবং দলের রান ২৯০ ছাড়িয়ে নিয়ে যান।
শেষ পর্যন্ত জেমিসন বেকারকে আউট করলে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়। ফলে নিউজিল্যান্ড এখন ম্যাচে শক্ত অবস্থানে, হাতে রয়েছে বড় লিড এবং বাকি দুই সেশন ব্যাট করার সুযোগ। সর্বশেষ কিউরা তাদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করেছে। এতে তাদের লিড দাঁডিয়েছে ১৯০ রানের।



