চট্টগ্রাম ্যরো
নিরাপদ অভিবাসনে মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেন্ড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস- সিমস্ প্রকল্পের উদ্যোগে গত বৃহস্পতিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন। প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো: শহীদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাহমিদা-ই-জান্নাত।
বাংলাদেশে সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাস্তবায়নাধীন ওই সিম্স প্রজেক্টের আয়োজনে এবং প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনির (সূফি মনি) সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, মহিলা টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আশরিফা তানজীম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা হলো তথ্য ঘাটতি। এই সুযোগটা নিচ্ছে স্থানীয় সাব এজেন্টরা। তারা বিভিন্নভাবে প্রবাসীদের মিসগাইড করছেন। তাই অপতথ্য হতে রেহাই পেতে সাংবাদিকদের জোরালো ভূমিকা অত্যাবশ্যক। তিনি অভিবাসীদের জন্য বিভিন্ন সরকারি সেবাগুলো প্রচারেও সাংবাদিকদের আহ্বান জানান। তিনি এ সময় কর্মশালাটিকে ফলপ্রসূ উল্লেখ করে প্রত্যাশী ও হেলভেটাসকে ধন্যবাদ জানান এবং এ ধরনের কর্মশালা অব্যাহত রাখতে আহ্বান জানান। তিনি অভিবাসীদের জন্য বিভিন্ন সরকারি সেবা প্রচারে এবং নিরাপদ অভিবাসন বিষয়ে তদন্ত রিপোর্ট করতে সাংবাদিকদের আহ্বান জানান।
মুখ্য আলোচক অধ্যাপক ড: মো: শহীদুল হক বলেন- অভিবাসনবিষয়ক সাংবাদিকতা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশাল এক জনগোষ্ঠী এই সেক্টরে নিযুক্ত। তিনি প্রবাসীদের প্রতি দায়বদ্ধতা নিয়ে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান। যেকোনো বিষয়ে সংবাদ প্রচারের ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতার বিষয়টি মাথায় রেখে, এবং তথ্য যাচাই বাছাই করার উপর জোর দেন।
সভায় উপস্থিত অভিবাসন সম্পর্কিত বিভিন্ন সরকারি কর্মকর্তারা স্ব স্ব প্রতিষ্ঠানের সরকারি পরিষেবাগুলো তুলে ধরেন এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।



