মিরসরাইয়ে ইমাম-মুয়াজ্জিন ও সিংড়ায় মাছব্যবসায়ী নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ে ইমাম ও মুয়াজ্জিন, নাটোরের সিংড়ায় এক মাছব্যবসায়ী ও ঝিনাইদহের শৈলকুপায় এক পথচারী নিহত হয়েছেন।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমাম ও মোয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। তিনি ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। নিহত অপরজন একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। তিনি ওই মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি একটি কাজ শেষ করে ইমাম ও মোয়াজ্জিন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় ট্রাক ও পিকআপ গাড়ির সংঘর্ষে আফজাল হোসেন (২৮) নামের এক মাছব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী নাটোর সদরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এই ঘটনায় পিকআপে থাকা আল আমিন (১৯) নামের অপর এক মাছব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি একই জেলার রিশিনওগাঁ গ্রামের ফায়েজ মিয়ার ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার ভোররাতে একটি মাছবাহী পিকআপ সিংড়া মৎস্য আড়তে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকা অতিক্রম করার সময় একটি অজ্ঞাত ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপের ভেতরে থাকা দুই মাছব্যবসায়ী গুরুতর আহত হন। খবর পেয়ে সিংড়া থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সকাল সাড়ে পাঁচ টার দিকে মাছব্যবসায়ী আফজাল হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় রাতুল নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত রাতুল গাড়াগঞ্জ এলাকার শাহ, কাউমের ছেলে। শনিবার রাত ৯টার দিকে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের রূপনগর নার্সারির সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জাবেদ নামের এক ব্যক্তি জানান রাতুল বাড়ি যাওয়ার সময় পিছন দিক থেকে একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান, রাতে ইজি বাইকের ধাক্কায় রাতুল নামের এক পথচারী মারা গেছে এবং পরে তার লাশ উদ্ধার করা হয়েছে।