সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র গোলাবারুদ জব্দ, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৫

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৩১

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় মো: মেহেদী হাসান বিপুর বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। তিনি আসন্ন সংসদ নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক গোপনে মজুদ করেছিল। অভিযানে সাতটি পিস্তল, তিনটি রিভলবার, দু’টি এয়ারগান, একটি শূন্য দশমিক ২২ মিলিমিটার বোরের রাইফেল, দু’টি রাইফেল ম্যাগাজিন, ৮টি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৩০ পিস কার্তুজ, দুই সহস্রাধিক এয়ারগান প্যালেটস, একটি দূরবীন, চারটি পিস্তল গ্রিপ সাইট কভার, তিনটি চাইনিজ কুড়াল, একটি বিদেশী ছুরি, দু’টি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ সময় মো: মেহেদী হাসান বিপুকে আটক করা হয়।

এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি পাওয়া গেছে। এ সময় চারজনকে আটক করা হয়। গতকাল সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা হতে সন্ত্রাসী পিচ্চি মাসুম ও তার তিন সহযোগী নাসির, রাজু, নাঈমকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটক করে। অভিযানে দু’টি পিস্তল, একটি রিভলবার, একটি ডামি পিস্তল, তিন রাউন্ড পিস্তল অ্যামুনিশন, তিনটি ওয়াকি-টকি, মাদকদ্রব্য, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদি পাওয়া গেছে।

আইএসপিআর জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতকল্পে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চলছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানান।

এদিকে রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ২৪ ঘণ্টায় ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে সূত্রাপুর থানায় একজন, মোহাম্মদপুর থানায় ১০ জন, পল্লবী থানায় তিনজন, হাজারীবাগ থানায় আটজন, বাড্ডা থানায় দু’জন, যাত্রাবাড়ী থানায় তিনজন, গেন্ডারিয়া থানায় একজন, ওয়ারী থানায় একজন ও উত্তরা পশ্চিম থানায় দু’জনকে গ্রেফতার করা হয়।