পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী পশুর হাটে গতকাল রোববার সন্ধ্যায় গণপিটুনিতে হাসান কিং (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাসান চাঁদখালী এলাকার মালেক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর নিহতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাটের ইজারাদারের ব্যবসাপ্রতিষ্ঠান এবং কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
হাটের টোল আদায়কারী আজহারুল ইসলাম দাবি করেন, হাট শেষে টাকা নিয়ে অফিসে যাওয়ার সময় হাসান তার ওপর হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিবারের দাবি, বাজারে একটি ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধভাবে হাসানকে মারধর করা হয়।
এ দিকে হাটের ইজারাদার নাজমুল হুদা মিন্টু অভিযোগ করেন, ঘটনার রাতে ও পরদিন সকালে তার অফিস ও হ্যাচারিতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই অভিযোগ করেছেন কালিদাসপুর গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের পরিবারের সদস্যরাও।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, হাসানের বিরুদ্ধে আগে মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগ ছিল। তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



