ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ তারকা ক্রিশ্চিয়ান ভলপাতো কোকেন সেবন ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভোরে সিডনির অ্যানজাক সেতুতে ভলপাতোর গাড়ির গতি নির্ধারিত সীমার চেয়ে প্রায় ৫০ কিলোমিটার বেশি ছিল। এ সময় পুলিশ তার গাড়ি থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির অংশ হিসেবে ভলপাতোর তাৎক্ষণিক মাদক পরীক্ষা করা হলে সেটিতে কোকেনের উপস্থিতি ধরা পড়ে। পরে তার বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং মাদকসংক্রান্ত অভিযোগ আনা হয়।
২২ বছর বয়সী ভলপাতো সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের আগে তিনি ইতালির পরিবর্তে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন।
ক্যারিয়ারের শুরুতে সিডনি ইউনাইটেড, সিডনি এফসি ও ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের যুব দলে খেলেছেন ভলপাতো। ২০২০ সালে ইতালির ক্লাব রোমায় যোগ দিয়ে আলোচনায় আসেন তিনি। পরে ২০২৩ সালে সাসসুয়োলোতে যোগ দিয়ে ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’-তে নিজেকে প্রতিষ্ঠিত করেন।



