নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় সিলেট ও দিনাজপুরে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর শহরের বাস টার্মিনালের সামনে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার ১০ জুলাই দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্বামী স্ত্রী দু’জনে মোটরসাইকেলে দিনাজপুরের লক্ষীতলা দোললা গ্রাম থেকে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর বাস টার্মিনাল পার হলেই মহাসড়কে চলন্ত একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে স্বামী নিহত ও স্ত্রী আহত হন।
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন সিএনজি অটোরিকশা যাত্রী আখদ্দছ আলী (৫২)। আহত হয়েছেন নিহতের স্ত্রী ও সন্তানেরা এবং পিকআপের চালক। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে। নিহত আখদ্দছ আলী উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে। ঘটনার সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা এএসআই মোহাম্মদ ফিরোজ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা ও পিকআপ গাড়ি জব্দ করেছেন।
এ দিকে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই নিহত আখদ্দছ আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।



