সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৬২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান রোববার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.জি. আ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা: শাহাদাত হোসেন, গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন ও শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক রাশেদ খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।
অনুষ্ঠানে দু’টি মসজিদ নির্মাণে সহায়তা, দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সহায়তা ও পাঁচ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান, দু’ইজনকে আলেম সহায়তা, ক্যান্সার, জটিল অপারেশন, ডায়ালাইসিস এবং অন্য জটিল ও কঠিন রোগে আক্রান্ত ৩৬ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, তিন ব্যক্তিকে আয় বর্ধক খাতে সহায়তা, দুই ব্যক্তিকে বিদেশ যাত্রায় সহায়তা, ১০ জনকে মেয়ের বিবাহে সহায়তা, দু’জনকে ঋণ পরিশোধ ও দু’জনকে গৃহ মেরামতে সহায়তাসহ ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪২ লাখ ৮৯ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।



