ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, আড়াই ঘণ্টা চলাচল বন্ধ

Printed Edition

ময়মনসিংহ অফিস

ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলন্ত আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং দেখা দেয় আতঙ্ককের পরিস্থিতি।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আউলিয়ানগর এলাকা অতিক্রমকালে হঠাৎ ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে রেলওয়ের কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেক যাত্রী নিরাপত্তার জন্য ট্রেন থেকে নেমে আশপাশে অবস্থান নেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল হারুন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ইঞ্জিন পরীক্ষা করা হয়। প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট ট্রেনটি পরবর্তীতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।