হাম ও উপসর্গে মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে দুইজন, রাজশাহীতে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার আটজন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর, আর উপসর্গ মিলেছে ৮৭৮ শিশুর। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১৮ শিশু, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৯ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০২ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৯ হাজার ৪৪৮ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৭০৮ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ দুই হাজার ২৪৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৯৮ হাজার ৪৪১ জন।