নিজস্ব প্রতিবেদক
নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল ঢাকার রাজকীয় নরওয়ে দূতাবাসে গিয়ে এই শোক এবং নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
পরে তিনি সেখানে রক্ষিত শোকবইয়ে সই করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন। এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
শোকবার্তায় ডা: শফিকুর রহমান বাংলাদেশের জনগণ ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, জনগণ এবং রাজপরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান। তিনি রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালন, নরওয়ের জনগণের প্রতি তার নিষ্ঠা এবং দেশের বিভিন্ন কঠিন সময়ে জনগণের পাশে থাকার কথা স্মরণ করেন। শোকবার্তায় বলা হয়, রাজা হারাল্ড পঞ্চম তার নেতৃত্ব, বিনয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে নরওয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তার অবদান উত্তরাধিকারকে দীর্ঘ দিন স্মরণীয় করে রাখবে।
এতে আরো বলা হয়, এই শোকের মুহূূর্তে বাংলাদেশ ও জামায়াতে ইসলামী নরওয়ের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও নরওয়ের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, রাজা হারাল্ড পঞ্চম (৮৯) গত ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে আরোহণের পর তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজা হিসেবে দায়িত্ব পালন করেন।



