নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
নগরকান্দা পৌর এলাকায় ইজারার মাধ্যমে টোল আদায়ের উদ্যোগকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ নিয়ে বিএনপি নেতারা কঠোর অবস্থান নিয়েছেন এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, ইজারার নামে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। অতীতে টোল ও ইজারার নামে সড়কে ব্যাপক হয়রানির অভিযোগ ছিল। বিশেষ করে অটোচালক ও ভ্যানচালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হতো। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় টোল আদায় বন্ধ হয়েছিল। তবে চলতি বছরে আবার ইজারা দেয়ার উদ্যোগের খবর পাওয়া গেছে, যা জনস্বার্থবিরোধী। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।
একই সুরে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, পৌর এলাকায় টোলের নামে কোনো অনিয়ম হতে দেয়া হবে না। গত বছর টোল আদায় বন্ধ থাকলেও এবার দরপত্র আহ্বানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। তিনি দাবি করেন, শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষ থেকেও টোলের নামে চাঁদাবাজি বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আলোচনাসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় বাসিন্দারা টোল আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে আবার এমন উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছেন।



