রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন গ্রেফতার ১

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত একজনকে গ্রেফতার করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নির্যাতনের শিকার যুবকের নাম তুষার (২৫)। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার কাজলা এলাকার নাজিরের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, একটি বাসার জানালার থাইগ্লাস চুরির সন্দেহে তুষারকে আটক করা হয়। পরে কয়েকজন তাকে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে পেটাতে শুরু করে। রোববার ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গাছের সাথে বেঁধে রাখা হয়েছে তুষারকে। আর তার ওপর একের পর এক আঘাত হানছে কয়েকজন যুবক। কখনো বাঁশ, কখনো মোটা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হচ্ছে তাকে। একটি বাঁশ ভেঙে গেলে আরেকটি এনে শুরু হচ্ছে নতুন করে প্রহার।

স্থানীয়দের ভাষ্য মতে, হৃদয় নামের এক যুবক নির্যাতনের পুরো ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিল। ভিডিওতে দেখা যায়, তুষার বারবার তার কাছেই করুণা চাইছিলেন। কিন্তু সেই মুহূর্তেও কেউ এগিয়ে আসেনি ভুক্তভোগীকে রক্ষায়।

এ দিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অনেকেই বলছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেয়া উচিত। নিজের হাতে আইন তুলে নিয়ে একজন মানুষকে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘন। শুধু তা-ই নয়, এটি একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।

একটি সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছে আশিক, মাহিন ও মানিক। আর ভিডিও ধারণকারী যুবকের নাম হৃদয়।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নগরীর মতিহার থানার ওসি গোলাম কবির বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।