চট্টগ্রাম ব্যুরো
বন্দর নগরী চট্টগ্রামের লালদীঘি মাঠে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপি বৃক্ষমেলা। প্রায় ৮শ’ প্রজাতির গাছের চারা নিয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনকালে অর্থমন্ত্রী বললেন, বর্তমান সরকার সবুজায়নে অঙ্গীকারবদ্ধ। তাই বৃক্ষরোপণের ওপর আলাদা জোর দিয়েছে। প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে সবুজায়ন অভিযান চলবে। মন্ত্রী সবাইকে নিজের আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান।
বৃক্ষমেলায় ৫৮টি নার্সারি ও স্টল বিভিন্ন জাতের চারা, বীজ, সারসহ নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছে। এখানে মিলছে ফলদ, বনজ ও ওষুধি নানা প্রজাতির চারা।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে নগরের ডিসি হিল থেকে এ উপলক্ষে একটি র্যালি বেরা করা হয়।



