রাজবাড়ী প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে রাজবাড়ী জেলার কৃতি সন্তান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।
২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেয়া হয়। তাদের মধ্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর অন্যতম।
জানা গেছে, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে। তার বাবা আরশেদ আলী পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। তিনি পাংশা কলেজে পড়াশোনা শেষে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও আর্থিক অর্থনীতিতে এমএসসি এবং অর্থনীতিতে পিএইচডি করেন।
তিনি বাণিজ্যনীতি ও ব্যবসায়িক কূটনীতিতে কার্লটন ও অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রাপ্ত।
ড. তিতুমীর রয়্যাল হলওয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন।
এ ছাড়াও আইইউসিএন এশিয়া অঞ্চলের সদস্যদের কমিটির ভাইস চেয়ারপারসন এবং বাংলাদেশের আইইউসিএন জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।



