ইউক্রেনে রাশিয়ার ৮টি গ্লাইড বোমা বর্ষণ, নিহত ১ ও আহত ৩১

Printed Edition

এপি নিউজ

দেড় ঘণ্টার টানা হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করেছে রুশ বাহিনী। আবাসিক এলাকা লক্ষ্য করে অন্তত আটটি প্রাণঘাতী গ্লাইড বোমা ছুড়ে রাশিয়া, যার আঘাতে ৭১ বছর বয়সী এক নারী নিহত এবং অন্তত ৩১ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

জাপোরিঝঝিয়া আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ নিশ্চিত করেছেন যে, রোববার সন্ধ্যার এই হামলায় শহরের ৪টি পৃথক এলাকার অন্তত ২২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোভিয়েত আমলের ভারী বোমায় আধুনিক প্রযুক্তি যুক্ত করে তৈরি এই ‘গ্লাইড বোমা’গুলোতে প্রায় তিন হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক থাকে, যা প্রতিহত করার উপযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইউক্রেনের কাছে নেই। এ দিকে, রাশিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আকাশ হামলায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারো পশ্চিমা মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রে তৈরি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সরবরাহের তাগিদ দিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘বিশ্বের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে। এখন শুধু মিত্রদের রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার পালা। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভালো করেই জানে আমাদের কী প্রয়োজন। ব্যালিস্টিক আক্রমণ প্রতিহত করার এই প্রযুক্তি গুদামে ফেলে না রেখে মানুষের জীবন বাঁচাতে মাঠে নামানো উচিত।’ তবে চলমান মধ্যপ্রাচ্য সঙ্কটের কারণে বিশ্ববাজারে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জোগান চরম সীমিত হয়ে পড়েছে। ইউক্রেনকে নিজেদের মাটিতেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দিলেও সম্প্রতি তিনি জানান যে, বিষয়টি এখনো আলোচনাধীন এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এমতাবস্থায় বিকল্প কৌশল হিসেবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ইলন মাস্কের ‘স্টারলিংক’ স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে রাশিয়ার ভেতরের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো শনাক্ত ও নজরদারির সুযোগ চেয়েছেন। তবে এই বিষয়ে ওয়াশিংটন বা সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনো কোনো সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যানুযায়ী, রোববার রাত থেকে সোমবার সকালের মধ্যে রাশিয়া দেশজুড়ে একযোগে ১৮১টি দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে।