মদন (নেত্রকোনা) থেকে সংবাদদাতা
তীব্র গরমের মধ্যে ঘনঘন লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামায় নেত্রকোনার মদন উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। সরেজমিন দেখা যায়, বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
মদন পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মদন ও খালিয়াজুরী এলাকায় প্রায় ৬২ হাজার গ্রাহকের জন্য ১৩ থেকে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট। ফলে, ছয়টি ফিডারের মধ্যে একসাথে মাত্র দুই থেকে তিনটি চালু রাখা সম্ভব হচ্ছে। এ কারণে নিয়মিত লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কয়েকজন রোগী জানান, দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় প্রচণ্ড গরমে কষ্ট বাড়ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও সেবাগ্রহীতারা জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কম্পিউটারনির্ভর কাজ ও সরকারি সেবাদান কার্যক্রমেও বিঘœ সৃষ্টি হচ্ছে।
মদন জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো: রফিকুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণেই লোডশেডিং হচ্ছে।



