পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড বানিয়ে ভারতকে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। ফটোকার্ডে শামা ওবায়েদের নামে দেয়া বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কয়েকটি ভুয়া ফটোকার্ড মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফটোকার্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে পুরোপুরি অসত্য তথ্য তুলে ধরা হয়েছে। ফটোকার্ডে বলা হয়েছে, ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যেমন এখন ইন্ডিয়ার হাতে-পায়ে ধরে (জ্বালানি) তেল আনতে হচ্ছে, গাধার মতো ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলেই তো হবে না, বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে, এই বক্তব্য সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কখনোই কোথাও এ রকম বক্তব্য দেননি। তাই, এসব অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। প্রকৃতপক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত রেখে সব রাষ্ট্রের সাথে এবং সব সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে।