আশুলিয়ায় শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি

Printed Edition

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

শিল্পাঞ্চল আশুলিয়ার শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনছুর আলী, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি সাগর ইসলাম, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বকুল আহম্মেদসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন সঙ্কটের কারণে শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান ও আয় অনিশ্চিত হয়ে পড়ছে। আবার অনেক কারখানায় কাজের সময় কমিয়ে দেয়া হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহে নেতিবাচক প্রভাব ফেলছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে শিল্প কারখানায় নিরচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের জোর দাবি জানান। অন্যথায় উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে।