ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির অভিজ্ঞ ডিফেন্ডার ও রিয়াল মাদ্রিদের তারকা আন্তোনিও রুডিগার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সাথে আন্তর্জাতিক ক্যারিয়ারে যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই জার্মান ডিফেন্ডার। রুডিগার বলেন, ‘ভেবে দেখার পর মনে হয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই ইতি টানার সময় এসেছে। এখন তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দিতে চাই।’
২০১৪ সালের মে মাসে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচ দিয়ে জার্মানির জাতীয় দলে অভিষেক হয়েছিল রুডিগারের। এরপর দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি জার্মানির হয়ে খেলেছেন ৮৬টি ম্যাচ। এই সময়ে তার নামের পাশে রয়েছে তিনটি আন্তর্জাতিক গোল।
জার্মানির হয়ে তিনটি ফিফা বিশ্বকাপ ও দু’টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন রুডিগার। এর মধ্যে ২০২৪ সালে নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি। সেই আসরে জার্মানি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।
জাতীয় দলের জার্সিতে দীর্ঘ পথচলার কথা স্মরণ করে রুডিগার জানান, ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো মাইলফলকে পৌঁছাবেন, তা তিনি স্বপ্নেও ভাবেননি।



