রয়টার্স
রুশ আগ্রাসনের জবাবে রাশিয়ার রাজধানী মস্কোয় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ হামলায় মস্কোর একটি তেল শোধনাগারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার খোদ রাজধানীতে ইউক্রেনের চালানো বড় ধরনের হামলাগুলোর মধ্যে এটিকে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের মানুষ এই যুদ্ধ চায় না। তারা কখনোই তা চায়নি। কিন্তু যদি ইউক্রেন পুড়ে যায়, তাহলে তোমাদের মস্কোও পুড়বে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে জেলেনস্কি জানান, ইউক্রেনের ওপর রাশিয়ার ধারাবাহিক হামলার পাল্টা জবাব হিসেবেই মস্কোয় এই ড্রোন হামলা চালানো হয়েছে। এটি কোনো অযৌক্তিক পদক্ষেপ নয়, বরং প্রতিশোধমূলক প্রতিক্রিয়া। তিনি ইঙ্গিত দেন, ইউক্রেন এখন রাশিয়ার যুদ্ধ পরিচালনায় সহায়তাকারী গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। মস্কোর তেল শোধনাগারে আঘাত হানাকে তিনি ইউক্রেনীয় বাহিনীর বড় সাফল্য হিসেবে অভিহিত করে বলেন, ইউক্রেন শুধু নিজেদের রক্ষাই করছে না, বরং ক্রেমলিনের যুদ্ধ সক্ষমতাকেও দুর্বল করে দিচ্ছে।



