বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। গতকাল শুক্রবার বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।



