মো: আল আমিন কিশোরগঞ্জ
একটি কক্ষ। নীরবে দাঁড়িয়ে থাকা চার দেয়াল। সেই দেয়ালের সাথে জড়িয়ে আছে দুই দশক আগের এক স্মৃতি। সেই স্মৃতি মায়ের।
২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এসে ওই কক্ষে বিশ্রাম নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তারেক রহমানের মা। প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী হয়ে সেই একই কক্ষে এলেন ছেলে তারেক রহমান।
কক্ষে প্রবেশ করেই মায়ের স্মৃতিতে ফিরে গেলেন তিনি। মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান।
গতকাল রোববার কিশোরগঞ্জ সফরের একপর্যায়ে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রামের জন্য যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার জন্য বরাদ্দ ছিল সার্কিট হাউজের এক নম্বর কক্ষটি। মায়ের স্মৃতিবিজড়িত সেই কক্ষ। এ কক্ষেই ২০০৬ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জ সফরে এসে বিশ্রাম নিয়েছিলেন বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়া সেই সময়ে কিশোরগঞ্জে এসে জেলার স্টেডিয়াম, নার্সিং ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট, আধুনিক রেলওয়ে স্টেশন উদ্বোধন করেছিলেন।
কক্ষে প্রবেশ করে কিছুক্ষণ নীরবে চার পাশ দেখেন তারেক রহমান। যেন খুঁজে ফিরছিলেন কিছু একটা। খুঁজে ফিরছিলেন মায়ের ঘ্রাণ। মায়ের সেই সময়ের উপস্থিতি, খুঁজে ফিরছিলেন স্মৃতি, সবকিছু মিলিয়ে আবেগঘন হয়ে ওঠে মুহূর্তটি। মায়ের স্মৃতিবিজড়িত সেই কক্ষে দাঁড়িয়ে যেন ছুঁয়ে দেখতে চাইলেন দুই দশক আগের দিনগুলো।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন, ‘সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে যখন এই কক্ষে নিয়ে গেলেন আমিও তার সঙ্গে ছিলাম। প্রধানমন্ত্রী কক্ষে ঢুকেই নীরব হয়ে গেলেন। তার চেহারায় কিছু পরিবর্তন লক্ষ করলাম। বিড়বিড় করে কী যেন বলছিলেন তিনি। মুহূর্তেই চোখ ছলছল হয়ে গেল তার। আমাকে বলছিলেন, ‘আম্মা এসেছিলেন কিশোরগঞ্জে। এই কক্ষেই বিশ্রাম নিয়েছিলেন। আজ আম্মা নেই।....’
২০০৬ সালের খালেদা জিয়ার সেই সফরের স্মৃতিচারণ করে জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন ওই কক্ষে এসেছিলেন। আমি তার সঙ্গে ছিলাম। সরকারি সফরে এসে এই কক্ষে তিনি খাওয়াদাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। আজ ২০ বছর পর একই কক্ষে এসে তার ছেলে খাওয়াদাওয়া করলেন, বিশ্রাম নিলেন। এটি সত্যিই অন্যরকম এক আবেগের ঘটনা। এই ঘটনাটি ইতিহাসের পাতায় মা-ছেলেকে এক সুতোয় বেঁধে দিলো।’
কিশোরগঞ্জের এই সফর তারেক রহমানের জন্য ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম কিশোরগঞ্জ সফর। কিশোরগঞ্জে এসে দিনব্যাপী তিনি পাকুন্দিয়া, কটিয়াদী ও কিশোরগঞ্জ জেলা শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধন করেন উন্নয়নমূলক কাজের।



