আত্রাইয়ে সরকারি গাছ কেটে নিলো প্রভাবশালীরা

এক মাসেও হয়নি পুলিশি তদন্ত

Printed Edition
প্রায় আড়াই হাজার সরকারি গাছ কেটে নেয়া হয়েছে : নয়া দিগন্ত
প্রায় আড়াই হাজার সরকারি গাছ কেটে নেয়া হয়েছে : নয়া দিগন্ত

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর আত্রাই উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রোপণ করা প্রায় দুই হাজার সরকারি বনজ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার এক মাস পার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় হতাশা প্রকাশ করেছে অভিযোগকারী প্রতিষ্ঠান।

স্থানীয় সূত্র ও বিএমডিএ জানায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া থেকে বহলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালের দুই পাড়ে প্রায় ১৫ বছর আগে বিএমডিএ বনজ গাছ রোপণ করে। দীর্ঘ দিন পরিচর্যার পর গাছগুলো বিক্রির উপযোগী হয়ে ওঠে। সরকারি বিধি অনুযায়ী এসব গাছ দরপত্র বা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির কথা থাকলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল মসজিদ, মন্দির, ক্লাব ও গোরস্থানের উন্নয়নের কথা বলে গাছগুলো কেটে বিক্রি করে দেয়। স্থানীয়দের দাবি, বিধি অনুযায়ী বিক্রি করা হলে এসব গাছের মূল্য প্রায় ২০ লাখ টাকা হতে পারত।

ঝনঝনিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছিলাম গাছ বিক্রির কিছু টাকা মসজিদে দেয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো অর্থ আমরা মসজিদের জন্য পাইনি।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ইউনিয়নের কয়েকজন ব্যক্তি এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পান না। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সাথে দেখা উচিত।

বিএমডিএর আত্রাই জোনের সহকারী প্রকৌশলী আলী হোসেন বলেন, সরকারি গাছ কেটে নেয়ার বিষয়টি সরেজমিন তদন্ত করে নিশ্চিত হওয়ার পর প্রায় এক মাস আগে তিনি বাদি হয়ে আত্রাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত তদন্ত বা আইনি প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অভিযোগটি তার পূর্বসূরির সময় গ্রহণ করা হয়েছিল। তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা প্রশিক্ষণে থাকায় তদন্তে বিলম্ব হচ্ছে। বর্তমানে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।