বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ : প্রাণহানি ৩২

Printed Edition

দ্য ইনডিপেনডেন্ট

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের এক কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১০ জন শ্রমিক খনির অভ্যন্তরে আটকা পড়ে আছেন। গত বৃহস্পতিবার বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার নিকটবর্তী এলাকায় এই বিপর্যয় ঘটে।

পাকিস্তানের সরকারি খনি পরিদর্শক গনি বালুচের দেয়া তথ্যমতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খনির ভেতর বিষাক্ত মিথেন গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বর্তমানে নিখোঁজ থাকা শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা অত্যন্ত ক্ষীণ বলে তিনি জানান। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে সাতটি লাশ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে আরো ২৫ জনের লাশ উদ্ধার করা হয়। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান এখনো জারি রাখা হয়েছে। গনি বালুচ আরে উল্লেখ করেন, আটকা পড়া সব শ্রমিককে উদ্ধার না করা পর্যন্ত অনুসন্ধান কাজ অব্যাহত থাকবে। তবে মিথেন বিস্ফোরণের প্রভাবে খনির অভ্যন্তরে অক্সিজেনের পরিমাণ দ্রুত হ্রাস পাওয়ায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। যার দরুন উদ্ধারকর্মীদেরও চরম সতর্কতা অবলম্বন করে এগোতে হচ্ছে। বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদমন্ত্রী শোয়েব নশেরওয়ানি উদ্ধার তৎপরতায় প্রাদেশিক সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি (প্রায় এক হাজার ৮০০ মার্কিন ডলার) অনুদান দেয়ার ঘোষণা দেন।