মেসির সামনে এখন হাজার গোল

Printed Edition

রফিকুল হায়দার ফরহাদ

নিউ ইয়র্ক থেকে

ইতিহাস গড়ে কোন ফুটবলারের ভাণ্ডারে ধরা দেবে ১০০০তম গোল? এই গোলের মিশনে এত দিন আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বশেষ সৌদি লিগে তার একের পর এক গোল এই পর্তুগিজ ফুটবলারটিকেই ঘিরে সবাই হাজার গোলের স্বপ্ন দেখেছিল। তবে এবারের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে পাল্টে দিয়েছে সব দৃশ্যপট। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। আর কঙ্গোর বিপক্ষে অসহায়ের মতো মাঠে থাকা রোনালদোর। মেসির উজ্জ্বল পারফরম্যান্সে আর্জেন্টিনার সহজ জয়। আর রোনালদের হতাশাজনক পারফরম্যান্স জিততে দেয়নি পর্তুগালকে। এতেই এখন সবার মধ্যে বলাবলি শুরু মেসিই ১০০০ গোলের পথে এগিয়ে।

রোনালদোর বাজে পারফরম্যান্সের কারণে লিড নিয়েও তাদের ১-১ গোলে ড্র করা ডিআর কঙ্গোর সাথে। তাই অনেকের মনেই প্রশ্ন, শেষ পর্যন্ত কি হাজার গোলের দেখা পাবেন রোনালদো। হয়তো পাবেন সিআর সেভেন। কারণ এই মাইলফলক স্পর্শ করতে মাত্র ২৭ গোল দূরে তিনি। এখন পর্যন্ত আল নাসরের খেলোয়াড়টি ৯৭৩ গোল করেছেন। অন্য দিকে মেসির জন্য এই মাইলফলক অনেক দূরে। তার ক্যারিয়ারে সব মিলে এখন পর্যন্ত জমা পড়েছে ৯১৫ গোল। মানে হাজারতম গোল হতে এখনো ৮৫ গোল পেছনে।

রেকর্ড ছয়বারের বিশ্বকাপ খেলছেন দুই মহা তারকা মেসি ও রোনালদো। নিশ্চিতভাবেই বলা যায় এই বিশ্বকাপই তাদের শেষ। এরপর ক্লাব ফুটবলে তাদের গোল উৎসব হবে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ফের রিয়াল মাদ্রিদ হয়ে সৌদি আরবের আল নাসরে এসেছেন রোনালদো। তার আগমনের সাথে সাথেই রাতারাতি আলোচনায় চলে আসে সৌদি প্রো লিগ। ব্যাপক মিডিয়া কভারেজ জুটতে থাকে এই লিগে। সেখানে দারুণ ফর্মেও এই পর্তুগিজ রাজপুত্র। ২০২৩ সালে এই ক্লাব যোগ দিয়ে ১০৭ ম্যাচে করেছেন ১০২ গোল। বিশ্বকাপের কঙ্গোর বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত দারুণ ফর্মেই ছিলেন তিনি। কিন্তু আফ্রিকান দেশটির বিপক্ষে তার দিনটে বাজে গেছে। সে সাথে পুরো দলেরও। যদি ম্যাচে পর্তুগাল ড্র না করত তাহলে হয়তো এত আলোচনা হতো না। কিন্তু অভিষেক ঘটা একটি দলের বিপক্ষে জিততে না পারা এবং মাঠেও রোনালদোর কার্যত মূর্তির মতো দাঁড়িয়ে থাকাটাই বেশি সমালোচনার জন্ম দিয়েছে। তবে পরের দুই ম্যাচেই যদি রোনালদো গোল করেন এবং দুই জয় পায় তাহলে ফের প্রশংসা শুরু হবে তা। সমালোচকদের মুখে কুলুপ দেয়া হবে।

অন্য দিকে আর্জেন্টিনাকে একাই জিতিয়েছেন মেসি; যা পারেননি রোনালদো। পর্তুগিজ তারকার এই হতাশাজনক পারফরম্যান্সও মেসির উজ্জ্বল নৈপুণ্যই গড়ে দিয়েছে দুই তারকার মধ্যে বিস্তর তফাত। প্রশংসায় ভাসছেন মেসি। অন্য দিকে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে রোনালদোকে।

বার্সেলোনার লম্বা সময় পার করে এরপর পিএসজি হয়ে এখন ইন্টার মিয়ামিতে মেসি। ২০২৩ যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়ে ৬৭ ম্যাচে করেছেন ৬২ গোল। আর্জেন্টিনার হয়ে ২০০তম ম্যাচে পেয়েছেন ১২০তম গোল। করেছেন নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক। এই তিন গোলই ১০০০ গোলের মিশনে এগিয়ে থাকা রোনালদোকে ফেলে দিয়েছে চাপে। যদিও সব কিছু বিবেচনায় নিলে রোনালদোই সবার আগে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন- এটিই সবার প্রত্যাশা।