সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। চৌমুহনীর করিমপুর আদর্শ যুবসমাজের উদ্যোগে প্রথমে একটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী করিমপুর মসজিদ চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করিমপুর রোডে মসজিদ চত্বরে এসে র‌্যালি শেষ হয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চৌমুহনী পৌরসভার শ্রমিক দলের সাবেক সাধারণ স¤পাদক শাহাব উদ্দিন বাদশা, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ স¤পাদক তাজুল ইসলাম, চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মন্নান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদককারবারি, সেবনকারী ও সরবরাহকারীরা দেশ, জাতি ও সমাজের শত্র“। নোয়াখালী অফিস।


বিষপানে যুবকের আত্মহত্যা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক যুবক স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে চিকিৎসার জন্য জামালপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন (২৫) মাদারগঞ্জ উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের জোড়খালী মোসলেমাবাদ এলাকার ভুট্টুর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বিদেশে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথলচর সনচোর মোড় এলাকার বাসিন্দা দুলাল উদ্দিনের মেয়ে সিমা আক্তার (১৯)-কে বিয়ে করেন মামুন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন। মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।


রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। মূর্তি বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেন (৩৮)-এর বাড়িতে অভিযান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে লিটন হোসেনের বাড়ি তল্লাশি করে শয়ন ঘরে চাল রাখা ড্রামের মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, থানায় নিয়ে আসার পর পরীক্ষা করে প্রাথমিকভাবে মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা।


পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া গ্রামে গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টায় কচুয়া বিলে পানিতে ডুবে একই পরিবারের চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো: আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) এবং তার সহোদর ভাই মো: মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)। সম্পর্কে তারা চাচাতো বোন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলের পানিতে তাদের দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ অফিস।


বাস থেকে ৯২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের স্লিপার বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাসের স্লিপার সিটের নিচে লুকানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বাসের হেল্পার মো: রাতুল শেখ (২৩) কে গ্রেফতার করা হলেও চালক নাজমুল পালিয়ে গেছে। মাদকদ্রব্য পরিবহনের অপরাধে বিলাসবহুল বাসটি জব্দ করা হয়েছে । কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন। ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা।


তেলবাহী কাভার্ডভ্যান ডাকাতি

মুন্সীগঞ্জের শ্রীনগরে তেলবাহী কাভার্ডভ্যান ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম গতকাল শনিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যশোরের উদ্দেশে ৬৬৫ কার্টন (১১ হাজার ৯৭০ লিটার) সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান রওনা হয়। ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজের উত্তর পাশে ঢাকা-মাওয়া সার্ভিস রোডে পৌঁছালে একটি জ্যাক পিকআপে আসা ৭-৮ সদস্যের ডাকাতদল কাভার্ডভ্যানটির গতিরোধ করে। তারা চালক ও হেলপারকে জিম্মি করে নিজেদের পিকআপে তুলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কেয়টখালী এলাকায় হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে তেলভর্তি কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায়। মুন্সীগঞ্জ প্রতিনিধি।


ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে মামলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর প্রতিবেশী ও আত্মীয় হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এর সুবাদে একাধিকবার অভিযুক্ত নিজ বাড়িতে নিয়ে গিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা বলেন, দীর্ঘদিন ভয়ভীতি ও সামাজিক সম্মানহানির আশঙ্কায় বিষয়টি গোপন রাখা হলেও পরে ভুক্তভোগী, তার মা ও পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়। ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা।


জাল সনদে ২ শিক্ষকের চাকরি

ভোলার চরফ্যাশন উপজেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়ে জাল ও ভুয়া কম্পিউটার সনদের ভিত্তিতে নিয়োগ পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সহকারী শিক্ষকের নিয়োগ অবৈধ ঘোষণা করে তাদেরকে সরকারি কোষাগার থেকে তাদের উত্তোলিত মোট ৪৫ লাখ ৯ হাজার ৮৫৭ টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ)। অধিদফতরের গত মে মাসের পরিদর্শন প্রতিবেদনের সারসংক্ষেপে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, উপজেলার চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয় ও কুলছুমবাগ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ওই দুই শিক্ষকের নিয়োগ বিধিসম্মত হয়নি। ফলে নির্ধারিত সময় পর্যন্ত তাদের নেয়া সব বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে এবং নির্ধারিত সময়ের পর গৃহীত অর্থও একইভাবে ফেরতযোগ্য বলে গণ্য হবে। প্রতিবেদন অনুযায়ী, চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো: আলাউদ্দিনের কম্পিউটার সনদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত অনুযায়ী জাল ও ভুয়া হওয়ায় তার নিয়োগ বিধিসম্মত হয়নি। ফলে তার গৃহীত ৩৩ লাখ ৭৬ হাজার ৪২৭ টাকা সরকারি কোষাগারে ফেরতযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওই তারিখের পর তিনি যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তাও ফেরত দিতে হবে। একই প্রতিবেদনে কুলছুমবাগ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো: আমজাদ হোসেনের (ইনডেক্স-১১৫৪২২৯) যোগদানকালীন কম্পিউটার সনদও জাল ও ভুয়া বলে মতামত পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে তার নিয়োগও বিধিসম্মত হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা।